ফুলবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, শান্তিপূর্ণ উৎসব পালনে মন্দির কমিটির সঙ্গে মতবিনিময়
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
ধরলা পোস্ট
অনিল চন্দ্র রায়, ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া :
শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, আনসার সদস্য ও গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গোৎসব উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শুক্রবার সন্ধ্যায় ইউএনও প্রথমে নাওডাঙ্গা ইউনিয়নের বাজারহাট কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এরপর পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে রাত ৮টার দিকে নাওডাঙ্গা জমিদারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে যান। সেখানে তিনি মন্দির প্রাঙ্গণের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি বিনয় চন্দ্র রায়, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লুৎফর রহমান, নাওডাঙ্গা জমিদারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দিনো বন্ধু চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মণ্ডপ পরিদর্শনকালে ইউএনও মন্দির কমিটির নেতৃবৃন্দ, আনসার সদস্য ও গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গোৎসব চলাকালে মণ্ডপের শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্প্রীতিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছে।